আমরা সুনিশ্চিত কুমিল্লার ঘটনা সাজানো ------------------ স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২৩:০২

কুমিল্লার ঘটনা সুনিশ্চিতভাবে সাজানো বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি দেশে সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনা গোয়েন্দা সংস্থা আগে আঁচ করতে পেরেছিল কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি রংপুরের ঘটনা দিয়ে বলতে চাই, এ ঘটনা উদ্দেশ্যমূলক কি না। কে এটা ঘটিয়েছে সেটা বের করতে একটু সময় দিতে হবে। আমাদের লোক সেখানে কাজ করছে। এ বিষয়ে র্যাব, কাউন্টার টেররিজমসহ সবাই কাজ করছে। আমরা ফেসবুকের লিংকগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি।

এসব ঘটনার মূল উদ্দেশ্য দেশের শান্তি নষ্ট করা উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব শিগিগরই ঘটনাগুলো জেনে যাব। রামু, ভোলা ও নাসিরনগরে এ ধরনের ঘটনা দেখেছি। এগুলো হয়েছে সোশ্যাল মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশের স্বপ্নপূরণ করব। সম্প্রতির মধ্যে ভাঙন সৃষ্টি করতে কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। তিনি বলেন, কুমিল্লার বিষয়ে আমরা খুব শিগিগরই জানাব। আমরা এটার খুব কাছাকাছি আছি।

আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, অনেকেই না বুঝে অনেক কিছু করে ফেলেছেন। চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করেছে, সেখানে চার জন প্রাণ দিয়েছে। নোয়াখালীতে নামাজ হয়ে গিয়েছিল, মুসল্লিরা চলে গিয়েছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা খাবার খাচ্ছিল, এমন সময় কয়েকটি জায়গা থেকে কিছু লোক টিনএজ বয়েসের, তারা এসে বিশৃঙ্খলা করেছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব প্রচেষ্টা উল্লেখ করে তিনি বলেন, আমি আবারও বলছি, কোনো সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ এনে অপমান করবে, এ ধরনের মানসিকতা বাংলাদেশের মানুষের নেই। এসব কেন হচ্ছে, কে করাচ্ছে সেগুলো নিয়ে প্রশ্ন জাগছে, সেটাই আপনাদের সামনে খোলাসা করে জানাতে পারব।

সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এ ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে অনুমান করেছেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল। রংপুরের ঘটনায় এরই মধ্যে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, সারা দেশে অন্য ঘটনায়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। নোয়াখালীতে যা ঘটেছে, কুমিল্লায় যা ঘটেছে, হাজীগঞ্জে যা ঘটেছে, এগুলো আমরা এক সূত্র হিসেবে ধরে নিয়েছি। এগুলোর পেছনে মুষ্টিমেয় কিছু ব্যক্তি রয়েছে। এরই মধ্যে আমরা সন্দেহজনক লোকদের চিহ্নিত ও গ্রেফতার করেছি।

সাম্প্রতিক ঘটনার মধ্যেই ফেনী ও রংপুরে পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীর এসপিকে বদলি করা হয়েছে আরো দুই মাস আগে। আর রংপুরে এসপিকে বদলি করা হয়েছে সম্প্রতি। তবে তিনি অসুস্থ ছিলেন এজন্য তার আবেদনে একটু দেরি করা হয়েছে। দুই বছর পর পর পুলিশে বদলি হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া।