দেশে টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাসে দৈনিক রোগী শনাক্তের হার দুই শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে তার আগের ২৪ ঘণ্টায় তুলনায়। দেশে এক দিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে, সংক্রমণ ধরা পড়েছে আরো ৩৩৯ জনের মধ্যে। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ময়মনসিংহ বিভাগের চার জেলাসহ মোট ৩০ জেলাতে করোনাতে নতুন করে কেউ শনাক্ত হয়নি
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৭৮ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৫০৯ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন সুস্থ হয়ে উঠলেন। গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৬৬ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশ। আর যে ১০ জন গত এক দিনে মারা গেছেন, তাদের তিন জনই ছিলেন ঢাকা বিভাগের, তিন জন খুলনা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুই জন, রাজশাহী বিভাগের এক জন এবং সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন এক জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৯২২টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৭৪ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিন জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ছয় জন নারী, চার জন পুরুষ। ১০ জনই সরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
