আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। এজন্য সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে, উপড়ে ফেলতে হবে। গতকাল সোমবার রাজধানীর বনানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, পঁচাত্তরের পর থেকে বিএনপি দেশে সাম্প্রদায়িক রাজনীতির ধারা বয়ে বেড়াচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, মানবসভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড ঘটে পঁচাত্তরের ১৫ আগস্ট। যে হত্যাকাণ্ডের লক্ষ্য হয়েছিল রাসেলের মতো অবুঝ শিশু, অন্তঃসত্ত্বা নারী। পৃথিবীর ইতিহাসে কোনো হত্যাকাণ্ডে অবুঝ শিশু টার্গেট হয়নি। ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর থেকে এই দেশে হত্যা, ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতার রাজনীতির যে ধারা, সেই ধারার উত্তরাধিকার এখনো বয়ে চলছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি। হত্যা, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িক রাজনীতির কারণে গণতন্ত্রের বিকাশ বারবার ব্যাহত হচ্ছে মন্তব্য করে সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবিলা করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দিনে শপথ হোক বাংলাদেশের অর্জন উন্নয়ন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক অপশক্তি এবং এদের বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, এটা উপড়ে ফেলতে হবে। কুমিল্লার ঘটনায় ‘পরিকল্পিতভাবে’ একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ‘বিএনপির পৃষ্ঠপোষকতায়’ সারা দেশে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘রংপুরে একটি জেলেপাড়ায় আগুন দিয়ে মন্দিরে হামলা করেছে, গবাদিপশুর প্রাণহানি হয়েছে। এরকম নৃশংস ঘটনা ঘটাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। ফেসবুকে আজকে অপপ্রচার করছে। এই অপপ্রচার থেকে রংপুরের ঘটনা ঘটেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। দল থেকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হবে। এ জন্য সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে।
