হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য নাকচ করল চীন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২৩:১১

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য অস্বীকার করেছে চীন। পরমাণু বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র গত আগস্টে চীন পরীক্ষা করেছে। এ তথ্য পাঁচটি সূত্রের বরাত দিয়ে গত শনিবার ব্রিটেনের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল। তবে এমন খবর অস্বীকার করেছে চীন। খবর বিবিসির

গতকাল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়য়ান মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, বিভিন্ন ধরনের পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তি যাচাই করার জন্য একটি নিয়মিত পরীক্ষা করা হয়েছিল। তিনি বলেন, এটি ক্ষেপণাস্ত্র ছিল না, এটি একটি মহাকাশযান ছিল। মহাকাশযান ব্যবহারের খরচ কমানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ছিল। ঝাও আরো বলেন, অতীতে অনেক দেশ একই ধরনের পরীক্ষা চালিয়ে। ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্টটি ভুল কি না জানতে চাইলে তিনি হ্যাঁ উত্তর দেন। ব্রিটিশ পত্রিকাটি জানিয়েছিল, চীনা সামরিক বাহিনী একটি হাইপারসনিক গ্লাইড যান বহনকারী রকেট উেক্ষপণ করে, যা নিম্ন কক্ষপথ দিয়ে উড়ে যায়। লক্ষ্যের দিকে যাওয়ার আগে সেটি বিশ্ব প্রদক্ষিণ করে। পরীক্ষাটি দেখিয়েছে যে চীন হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে এবং মার্কিন কর্মকর্তাদের ধারণার চেয়ে তারা অনেক বেশি অগ্রসর হয়েছে।