কক্সবাজারের টেকনাফে পর্যটন মৌসুম শুরুর আগেই বোটে করে বেড়াতে যাওয়া দেড় শতাধিক পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে দুর্যোগ আবহাওয়ার কারণে আটকা পড়েছে। প্রশাসনিকভাবে তাদের তদারকি করা হচ্ছে এবং দুর্যোগ পরিস্থিতি কেটে গেলে তাদের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনা হবে।
জানা যায়, গত বৃহস্পতি ও শুক্রবার টেকনাফ বোট ঘাট থেকে সেন্টমার্টিনে যাওয়া দেড় শতাধিক পর্যটক বেড়াতে গিয়ে বিভিন্ন হোটেলে অবস্থান নেয়। হঠাত্ অতি বৃষ্টি, উত্তাল সাগর এবং দুর্যোগ অবস্থার কারণে বিভিন্ন হোটেলে থাকা এসব নারী-পুরুষ ও শিশু পর্যটক আটকা পড়ে। এমতাবস্থায় অনেক পর্যটক উদ্বিগ্ন হয়ে পড়েছে। আটকে পড়ার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সেন্টমার্টিন ইউপির জনপ্রতিনিধিরা এসব পর্যটকের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
দ্বীপে থাকা পর্যটক ঢাকার মোহাম্মদপুরের মো. মনির হোসেন বলেন, ‘গত শুক্রবার দুই দিনের জন্য ট্রলারে করে সেন্টমার্টিনে বেড়াতে আসি। অতি বৃষ্টির কারণে দ্বীপে আটকে আছি। এখন অপেক্ষার প্রহর গুনছি কবে বাড়ি ফিরে যাব।’ সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ নুর আহমদের বরাত দিয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান খান বলেন, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের অন্তত দেড় শতাধিক পর্যটক ফিরে যেতে পারছে না। আবহাওয়া অনুকূলে চলে আসলে আটকে পড়া পর্যটকদের ট্রলারে করে নিরাপদে টেকনাফে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী বলেন, ঝড় ও বৃষ্টির কারণে দ্বীপে অবস্থান নেওয়া পর্যটকদের স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। পর্যটকরা নিরাপদে আছেন জানিয়ে তিনি বলেন, ঝড় ও বৃষ্টি কমলেই তাদেরকে নিরাপদে টেকনাফে আনার ব্যবস্থা করা হবে।
