যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে কূটনৈতিক মিশনকে স্থগিত রাখবে রাশিয়া। এজন্য মস্কোতে অবস্থিত জোটটির কার্যালয় বন্ধ করা হবে। গুপ্তচরবৃত্তির অভিযোগে আট রাশিয়ানকে বহিষ্কার করার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিল মস্কো। গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই ঘোষণা দিয়েছেন। এতে করে আগামী মাসের শুরু থেকে মস্কোর সঙ্গে জোটটির সম্পর্ক তলানিতে চলে যাবে বলে মনে করা হচ্ছে। মস্কোতে সাংবাদিকদের ল্যাভরভ বলেন, সম্প্রতি ন্যাটো কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপের ফলে সেখানে কাজ করার সাধারণ পরিস্থিতি আর নেই। তাই জোটটিতে আমাদের স্থায়ী মিশনের কাজ স্থগিত করছি। যা আগামী ১ নেভেম্বর থেকে কার্যকর হবে, তবে আরো কয়েক দিন সময় লাগতে পারে বলেও জানান ল্যাভরভ। -আলজাজিরা
