সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি/গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আবার অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব/বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোনো মাধ্যমে গুজব/বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ।
যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশা করছে বাংলাদেশ পুলিশ।
এদিকে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপকেন্দ্রিক অপ্রীতিকর ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। আরো কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরো বাড়তে পারে। অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। —পুলিশ সদর দপ্তর।
