বড় জয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ শুরু

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৩৬

ক্রিকেটের মানচিত্রে দুই দলের দূরত্ব ছিল যোজন-যোজন। ২২ গজের লড়াইয়েও সেই ছাপ ধরে রেখেছে শ্রীলঙ্কা। নামিবিয়াকে হারিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপে শুভ সূচনা করেছে লঙ্কানরা। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে গতকাল সোমবার আবুধাবিতে নামিবিয়াকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা। দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড একই ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডসকে।

লঙ্কানদের বোলিং তোপে আগে ব্যাট করা নামিবিয়া ১৯.৩ ওভারে ৯৬ রানে অলআউট হয়। ক্রেইগ উইলিয়ামস ২৯, গেরহার্ড এরাসমাস ২০ ও স্মিট ১২ রান করেন। দলের আর কেউ দুই অঙ্কের ঘরই পার হতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে মাহিশ থিকশানা তিনটি, লাহিরু কুমারা-হাসারাঙ্গা দুটি, চামিকা করুনারত্নে ও দুশমন্থ চামিরা একটি করে উইকেট নেন।

জবাবে ১৩.৩ ওভারে ৩ উইকেটে ১০০ রান তুলে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ২৬ রানে ৩ উইকেট হারালেও ভানুকা রাজাপাকশে ও আভিস্কা ফার্নান্দোর ৭৪ রানের জুটিতে জয় নিশ্চিত হয় লঙ্কানদের। ভানুকা রাজাপাকশে অপরাজিত ৪২ ও আভিস্কা ফার্নান্দো অপরাজিত ৩০ রান করেন। ২৫ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার অফস্পিনার থিকশানা ম্যাচ সেরা হন।