সিরিজ বৈঠক করে সিরিজ সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামায়াত - বাহাউদ্দিন নাছিম

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৩৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘সাম্প্রতিক সিরিজ সন্ত্রাস বিএনপি-জামায়াতের সিরিজ বৈঠকের পরিকল্পনার বাস্তবায়ন করছে। তারা সিরিজ বৈঠক করে সিরিজ সন্ত্রাস শুরু করেছে।’

গতকাল সোমবার জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে কৃষক লীগ আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে তখন বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আন্তর্জাতিকভাবে ঘোষিত সন্ত্রাসী সংগঠন বিএনপি জামায়াতের সঙ্গে মিলে সব সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দেয়। তারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীর পর রবিবার রংপুরের পীরগঞ্জে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে। এই সন্ত্রাসকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে। তারা বিষবৃক্ষে পরিণত হয়েছে। এই বিষবৃক্ষের ডালপালা কাটলে হবে না, মূলোত্পাটন করতে হবে। বাংলার প্রতিটি গ্রামকে সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। এদের রুখে দিতে না পারলে এরা দেশে রক্তের গঙ্গা বইয়ে দেবে, আফগানিস্তানের চেয়েও খারাপ দেশে পরিণত করবে। এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা হব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।’

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি বলেন, শহিদ শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশ পেত একজন পরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ নেতা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকে খুনি জিয়া আইনত বৈধতা দিয়েছিল। তারা অসত্য, কাল্পনিক তথ্য দিয়ে জাতির পিতার হত্যাকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। আজ বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। যারা এর সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। যদি আমাদের দলে কোনো অনুপ্রবেশকারীও থাকে তাদের বহিষ্কার করা হবে, তাদের কঠোর বিচার হবে। 

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কৃষক লীগ সহসভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।