‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্য সামনে রেখে শেখ রাসেল দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক গতকাল সোমবার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল ‘শেখ রাসেল সম্পর্কে জানি ও জানাই’ প্রত্যয়ে বিএনসিসি ক্যাডেট এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘আমাদের ছোট রাসেল সোনা’সহ শেখ রাসেলকে নিয়ে লেখা বেশ কিছু বই উপহার হিসেবে তুলে দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।
পরবর্তীকালে শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতার কনিষ্ঠ সন্তান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল। সেদিন শিশু রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকরা রাসেলের জীবনই শুধু কেড়ে নেয়নি, সেই সঙ্গে ধ্বংস করেছে তার অবিকশিত অপার সম্ভাবনা যা সুন্দর ও শান্তিময় বাংলাদেশ এবং বিশ্ব গড়ার ক্ষেত্রে অগ্রণি ভূমিকা পালন করতে পারত।
সভায় অংশগ্রহণকারী অন্যান্য বক্তাগণ শেখ রাসেল সম্পর্কে আবেগঘন আলোচনা করেন। পরিশেষে শেখ রাসেলসহ ১৯৭১ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও অন্য শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
আইএসপিআর পরিদপ্তরে শেখ রাসেল দিবস পালিত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) শেখ রাসেলের ওপর আলোচনা ও তার আত্মার শান্তি কামনা করে দোয়ার মাধ্যমে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আইএসপিআর পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ শেখ রাসেল দিবসের তাত্পর্য তুলে ধরে আলোচনা করেন। পরিদপ্তরের সব স্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। —আইএসপিআর
