ঘরে-বাইরে চাপের মুখে অবশেষে সাড়ে পাঁচ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। গতকাল সোমবার মিয়ানমারের সেনা প্রশাসনের প্রধান মিন অং হ্লাইং বন্দি মুক্তির কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, সব মিলিয়ে ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। খবর রয়টার্সের
সেনাশাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করায় গণতন্ত্রকামীদের গ্রেফতার করা হয়েছিল। মুক্তি পেতে চলা বন্দিদের তালিকায় কাদের নাম রয়েছে এবং কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। গত ফেব্রুয়ারি আকস্মিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শাসনভার নিজের হাতে তুলে নেয় সেনাবাহিনী। কাউন্সিলর অং সান সু চিসহ গণতান্ত্রিক সরকারের অন্য প্রতিনিধিদের গ্রেফতার করা হয়। গণতান্ত্রিক প্রথা ফেরানোর দাবিতে পথে নামে লাখ লাখ মানুষ। পালটা বিক্ষোভ থামাতে চরম নির্যাতন চালায় সরকারি সেনাবাহিনী। এ পর্যন্ত দেশটিতে হাজারেরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে ৮ হাজারের বেশি গণতন্ত্রকামীকে। সম্প্রতি আসিয়ান সম্মেলনে মিয়ানমারের জান্তা প্রধানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যা নিয়ে সামরিক সরকার ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে।
