আক্রান্ত পূজামণ্ডপ পরিদর্শন যাবে বিএনপি

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০০:৪১

কুমিল্লার একটি মণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে দুর্গাপূজার আগে ও পরে দেশের যে কয়েকটি পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে সেগুলো পরিদর্শনে যাবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে পরিদর্শনের জন্য একটি কমিটিও গঠন করেছে বিএনপি। গতকাল সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রবিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজলের নেতৃত্বে আরো একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুইটি দ্রুত এলাকাগুলো সফর করে কেন্দ্রে প্রতিবেদন দাখিল করবে। স্থায়ী কমিটির বৈঠকের কথা তুলে ধরে ফখরুল বলেন, সভায় জনগণের মৌলিক অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়। এ বিষয়ে পরবর্তী সভায় কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বলা হয়, বিরাজমান রাজনৈতিক সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার নিজেরাই সাম্প্রদায়িক সংকট সৃষ্টি করছে। ক্ষমতাসীনরা তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে বিভাজনের রাজনীতি করছে উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্যরা বলেন, রাজনৈতিক দুরভিসন্ধির কারণেই এই রক্তপাত, লুটতরাজ চলছে। প্রত্যেকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে পরিস্থিতি জটিলতর হয়েছে। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকুু উপস্থিত ছিলেন।