কুমিল্লায় হামলার ঘটনা লাইভ করা সেই ফয়েজ রিমান্ডে

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:১৪

কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তাৎক্ষণিকভাবে ফেসবুকে লাইভ প্রচারকারী মো. ফয়েজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

পুলিশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৯ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান উর্মি এ আদেশ দেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। এসব বিষয় নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম।  

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়স্থ দর্পণ সংঘের পূজামণ্ডপে ঘটনার সময় জেলার আদর্শ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মো. ফয়েজ (৪১) ফেসবুক লাইভে এসে ঘটনাটি প্রচার করেন। দৃশ্যটি লাইভে প্রচার ও মোবাইল ফোনে ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে একমাত্র আসামি করে মামলা করে। 

রাত সোয়া ৭টায় কোতয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম জানান, গ্রেফতার ফয়েজকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন দাখিল করা হয়েছিল। মঙ্গলবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

তিনি আরও জানান, বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। গ্রেফতার ফয়েজকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি, আমরা (পুলিশ) মামলার বিষয়ে তাদের সহায়তা করছি।  

এর আগে গত ১৩ অক্টোবর সকালে নগরীর নানুয়া দীঘির উত্তর পাড় এলাকার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার খবরে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোতয়ালি মডেল থানায় ৫টি, সদর দক্ষিণ মডেল থানায় ২টি ও দাউদকান্দি মডেল থানায় একটিসহ মোট ৮টি মামলা হয়। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত নতুন করে কোতয়ালিতে ৩ জন ও সদর দক্ষিণে ২ জনসহ মোট ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ইত্তেফাক/এমএএম