ইত্তেফাক রিপোর্ট
বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশেন (আইএফসি) হামজা টেক্সটাইল লিমিটেডে (এইচটিএল) ২ কোটি ২৭ লাখ ডলার (প্রায় ১৯৩ কোটি টাকা) বিনিয়োগ করেছে। হামজা টেক্সটাইল লিমিটেড দুলাল ব্রার্দাস লিমিটেড (ডিবিএল) গ্রুপের একটি ডায়িং ও ফিনিশিং কোম্পানি। সাশ্রয়ী প্রযুক্তির নতুন এই কারখানায় ৯ শতাধিক কর্মসংস্থান তৈরি হবে। আইএফসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার উল্লেখ করেছে, নতুন এই বিনিয়োগ তৈরি পোশাক খাতে আইএফসির প্রথম কোভিড-১৯ সহায়তা এবং নিম্ন-আয়ের ও ভঙ্গুর রাষ্ট্রগুলোর বিনিয়োগে উত্সাহ দিতে গঠিত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর প্রাইভেট সেক্টর উইন্ডোর (আইডিএ-পিএসডব্লিউ) অর্থায়নের অন্তর্ভুক্ত।
আইএফসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ আং উল্লেখ করেছেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের আকাঙ্ক্ষা পূরণে এই শিল্প সহায়তা করছে। প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে এই শিল্প উচ্চমূল্য সংযোজিত পণ্যের দিকে যাচ্ছে এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে, যা কোভিড-১৯-এর প্রভাব বিবেচনায় আরো জরুরি হয়ে পড়েছে।
