ডেল্টা ব্র্যাকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২১:১০

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০০ কোটি টাকার (ইস্যু মূল্য ২৬৩ কোটি ২৪ লাখ) নন-কনভার্টেবল জিরো-কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির ৭৯৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্ডটির ইউনিট লটের মূল্য ৪০ লাখ টাকা (ইস্যু মূল্য ৩৫ লাখ ০৯ হাজার ৮৪৬)। বন্ডটির ডিসকাউন্ট হার সর্বোচ্চ ৬ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে। উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ডেল্টা ব্র্যাক হাউজিং গৃহঋণ খাতে প্রদান করবে। ঐ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্ট। এছাড়া অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট।