সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে জাবিতে শোভাযাত্রা

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:০৮

গাজীপুরে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ

জাবি সংবাদদাতা

রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরাতন রেজিস্ট্রার ও মুরাদ চত্বর ঘুরে শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহিদ মিনারের পাদদেশে সম্প্রীতি সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, সারা দেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। আমাদের একত্রিত হয়ে মৌলবাদী শক্তিকে মোকাবিলা করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আকলিমা আক্তার এশা, আকতারুজ্জামান সোহেল, নিলাদ্রী শেখর মজুমদার, মাহবুবুল হক রাফা, রতন বিশ্বাস, আব্দুর রহমান ইফতি, আহমেদ আরিফ, হাবিবুর রহমান লিটন, আলম শেখ প্রমুখ।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, এক শ্রেণির ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্রমূলকভাবে দেশের কয়েকটি স্থানে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। এরা বিশৃংখলা করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

মেয়র মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে  সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার শুরুর পূর্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল প্রমুখ অংশ নেন।