অসময়ের উত্তাপ কমাতে বৃক্ষরোপণ করুন

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২২:০৬

শরত্ বিদায় নিয়ে হেমন্ত এসেছে। কিন্তু গা ঝলসানো রোদে আর গরমে তা বোঝার উপায় নেই। ভোরবেলায় কুয়াশার আভাস পাওয়া গেলেও একটু বেলা হতেই সূর্য নিয়ে আসে অশনি সংকেত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্রতর হয় তার তাপ। শরতের শেষ আর হেমন্তের শুরু—এ যেন নতুন রূপ। এই অসময়ের তাপদাহ যে জলবায়ু পরিবর্তনের ফল তা বলার অপেক্ষা রাখে না। জলবায়ু পরিবর্তনের যে কয়টা প্রধান কারণ, তার মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষ নিধন। বেশি সংখ্যায় গাছ কাটা ও বন পোড়ানোর ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে কার্বন-ড্রাই-অক্সাইড বাড়ছে এবং বায়ুমণ্ডলের ওজোন স্তর প্রতিনিয়ত ক্ষয় হচ্ছে। ফল—পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং খরা, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো প্রাকৃতিক সমস্যাগুলো বাড়ছে। অত্যধিক গাছ কেটে পৃথিবীকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। পৃথিবীকে টিকিয়ে রাখতে দরকার বেশি করে বৃক্ষরোপণ। এই সাধারণ কথাটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু কখনো করি না, সেই ইচ্ছাটা আমাদের মাঝে নেই। ভালো লাগা থেকে না হোক, ভালোভাবে বাঁচার জন্য হলেও আমরা যে যার অবস্থান থেকে বেশি করে গাছ লাগাই। একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।

আহমদ রাজিয়া রুজি

শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট