স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশকে ৬ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে স্কটল্যান্ড। এই জয়ে ক্রিকেট বিশ্বে প্রশংসা বৃষ্টিতে ভাসছে দলটি। বিশ্বকাপে স্কটিশদের জার্সিও এবার নজর কেড়েছে। বেগুনি-কালোর সমন্বয়ে তৈরি সুন্দর জার্সির আদ্যপান্তও গতকাল জানা গেল ক্রিকেট স্কটল্যান্ডের মাধ্যমে।
টুইটারে ক্রিকেট স্কটল্যান্ডই জানিয়েছে, কাইল কোয়েটজার বাহিনীর জার্সিটা ডিজাইন করেছে ১২ বছরের স্কুলপড়ুয়া মেয়ে। হেডিংটনের রেবেকা ডাউনি স্কটল্যান্ডের প্রথম ম্যাচটাও টিভিতে দেখেছে। আনুষ্ঠানিকভাবে টুইটে রেবেকাকে ধন্যবাদও জানায় ক্রিকেট স্কটল্যান্ড। যেখানে স্কটল্যান্ডের ম্যাচ চলাকালীন টিভির সামনে দাঁড়িয়ে তোলা রেবেকার হাস্যজ্জ্বল ছবিও জুড়ে দেওয়া হয়েছে। প্রায় ২০০ স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে এবারের বিশ্বকাপ জার্সির ডিজাইন চেয়েছিল ক্রিকেট স্কটল্যান্ড। তাদের মধ্য থেকেই রেবেকার জার্সি বাছাই করা হয়। বাংলাদেশি টাকায় জার্সির মূল্য প্রায় ৬ হাজার টাকা।
স্কটল্যান্ডের দলটা বিশ্বকাপের জন্য ওমানে রওনা হওয়ার আগে এডিনবার্গে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল। সেখানেই পুরো দলটার সঙ্গে সাক্ষাত্ হয়েছিল রেবেকার।
ক্রিকেট স্কটল্যান্ডকে এ স্কুল শিক্ষার্থী বলেছেন, ‘প্রতিযোগিতায় আমি জিতেছি, যখন আমি জেনেছিলাম, আমি খুব উদ্দীপ্ত হয়েছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না। জার্সিটা বাস্তবে দেখতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম, এটা দারুণ লাগছিল। আমি নিজের জার্সিটা পরব এবং বিশ্বকাপে প্রতিটি ম্যাচে তাদের জন্য গলা ফাটাবো।’
মূলত বাংলাদেশের বিপক্ষে জয়ই স্কটিশদের ঐতিহাসিক আনন্দের মুহূর্ত এনে দিয়েছে। এখন সুপার-১২ পর্বে খেলার পথে এগিয়ে যাচ্ছে দলটি।
