সয়াবিন তেলের দাম এবার লিটারে সাত টাকা বাড়ল

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৩

আবারও দাম বাড়ল সয়াবিন তেলের। এবার এক লাফে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকা বিক্রি হলেও এখন তা ১৬০ টাকায় বিক্রি হবে। আর খোলা সয়াবিন প্রতি লিটার ১৩৬ টাকা, যা আগে ছিল ১২৯ টাকা। আজ বুধবার থেকে নতুন এ দর কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম ওয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে ১৩৪ টাকা, পরিবেশক মূল্য ১৩৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৩৬ টাকা বিক্রি হবে। আর বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ১৫০ টাকা, পরিবেশক ১৫৪ টাকা ও খুচরা পর্যায়ে ১৬০ টাকায় বিক্রি হবে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৭২০ টাকা, পরিবেশক মূল্য ৭৪০ টাকা ও খুচরা পর্যায়ে ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেল প্রতি লিটার মিলগেটে ১১৬ টাকা, পরিবেশক মূল্য ১১৭ ও খুচরা পর্যায়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে নতুন দর প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

গত রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে নিত্যপণ্যের মজুত পরিস্থিতি, আমদানি ও দাম নির্ধারণ নিয়ে বৈঠকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা করার প্রস্তাব করে। ট্যারিফ কমিশন একাধিকবার অ্যানালাইসিস করে ১৬২ টাকা প্রস্তাব করেছে। তবে বৈঠকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা ঠিক করা হয়েছে।

উল্লেখ্য, সয়াবিন তেলের নতুন যে দর নির্ধারণ করা হয়েছে তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত এক দশকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০০ থেকে ১১৫ টাকার মধ্যে ওঠানামা করলেও গত এক বছর ধরে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দর লাগামহীন। টিসিবির হিসেবেই গত এক বছরে এক লিটার বোতলজাত সয়াবিন তেলে ৪২ দশমিক ৮৬ শতাংশ, ৫ লিটারের বোতলজাত সয়াবিনে ৪১ দশমিক ৪১ শতাংশ, এক লিটারের খোলা সয়াবিন তেলে ৫০ দশমিক ২৭ শতাংশ ও সুপার পাম অয়েলে ৫২ দশমিক ৩০ শতাংশ দাম বেড়েছে।

সয়াবিন, পাম

অয়েলের দাম

বাড়ছে কেন?

বিশ্লেষকদের হিসেবে, করোনার মধ্যেও বিশ্বে সয়াবিন, পাম অয়েলের উত্পাদন বেড়েছে। কিন্তু ডলারের বিপরীতে উত্পাদক দেশগুলোর মুদ্রা শক্তিশালী হওয়ায় তেলের দাম বেড়েছে। এছাড়া উত্পাদক দেশগুলো রপ্তানি শুল্ক বাড়িয়েছে। তবে সয়াবিন তেলের দাম বাড়ার আরেকটি কারণ হলো, এই তেলের উপজাত পণ্য সয়ামিলের চাহিদা কমে গেছে। ফলে দাম বেড়েছে সয়াবিন তেলের।