‘পল্লবীর নৃশংসতার ভিডিও নোয়াখালীর যতনের বলে প্রচার করা হয়’

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৫

কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছেন। শিগিগরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব সদর দপ্তরে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পূজামণ্ডপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এখন দেখলাম। চাঁদপুরে পুলিশ যথাচেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ফায়ার করতে বাধ্য হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুই যুবক এক জনকে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। সেই হূদয়বিদারক ঘটনা দেখে সবার হূদয় কেঁপে উঠেছে। সেই ঘটনার ভিডিও ফুটেজকে ক্লিপ আকারে প্রচার করে একটি মহল নোয়াখালীর যতন সাহাকে একইভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক, ন্যক্কারজনক ও অমানবিকও বটে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পীরগঞ্জে পরিতোষ নামে এক অল্প বয়সি ছেলে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে। পুলিশ তার বাড়িঘর রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার পাশের গ্রামে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুরের নিন্দা জানান তিনি। মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা অপপ্রচার চালিয়ে ফায়দা লুটার চেষ্টা করছেন, তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। র?্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এনটিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, র?্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি অপারেশন্স) কর্নেল কে এম আজাদ প্রমুখ।