কুমিল্লায় পরকীয়া প্রেমের জেরেই খুন হন আনোয়ারা বেগম (৪০) নামের এক গৃহবধূ। এ ঘটনায় ঐ গৃহবধূর বস্তাবন্দি লাশ আনুমানিক ৬০ কিলোমিটার দূরে একটি পুকুর হতে উদ্ধার করা হয়। ক্লু লেস এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে র্যাব সোমবার গভীর রাতে আদর্শ সদর উপজেলার ধনপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে ঐ গৃহবধূর পরকীয়া প্রেমিক কাঠমিস্ত্রি কানু মিয়াকে গ্রেফতার করে। নিহত গৃহবধূ জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।
র্যাব জানায়, আনোয়ারা বেগমের প্রথম স্বামী আবুল খায়েরের মৃত্যুর পর আনোয়ার হোসেনের সঙ্গে দ্বিতীয় বিবাহ হয়। এরই মধ্যে আনোয়ারা কাঠমিস্ত্রি কানু মিয়ার সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং একই সঙ্গে কানু মিয়ার অগোচরে একাধিক ব্যক্তির সঙ্গে আনোয়ারার ঘনিষ্ঠতা বাড়ে। গত ১৬ অক্টোবর আনোয়ারা বেগম কানু মিয়ার কাছে টাকা-পয়সা চাইলে অন্যদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে সে ক্ষিপ্ত হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে কানু বাটাল দিয়ে উপর্যুপরি আঘাত করে আনোয়ারাকে হত্যা করে লাশ কম্বল পেঁচিয়ে দোকানে লুকিয়ে রাখে।
