সাম্প্রদায়িক রাজনীতির হোতারাই পীরগঞ্জের ঘটনা ঘটিয়েছে :তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:০৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ গতকাল বিকালে পীরগঞ্জের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শনে এসে বলেছেন,যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই পীরগঞ্জের সহিংসতার ঘটনা ঘটিয়েছে । মন্ত্রী বলেন, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, উলিপুর ও পীরগঞ্জের ঘটনা একই সূত্রে গাঁথা। এ ঘটনার নেপথ্যে সাম্প্রদায়িক রাজনীতিকদের উসকানি রয়েছে। া প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা ছাড় পাবে না। এ দেশে সবার সমান নাগরিক অধিকার রয়েছে।

বিএনপি-জামায়াতের রাজনীতি রাষ্ট্রবিরোধী উল্লেখ করে  তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে না। সন্ত্রাসের রাজনীতির সঙ্গে আমরা নেই। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। আর বিএনপির প্রথম পরিচয় ধর্মীয়। ’ এর আগে মন্ত্রী দলীয় নেতাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে তাদের প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ২০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুত্ফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগরের সাধারণ সম্পাদক  তুষার কান্তি মন্ডল, আওয়ামী লীগ নেতা রাশেক রহমানসহ রংপুর জেলা, মহানগর ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী রেঞ্জ) সঞ্জিব কুমার ভাটি ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাবেক রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন।