পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাসদ সভাপতি হাসানুন হক ইনু এমপি বলেছেন, ‘৩২ হাজার পূজা মণ্ডপে নিরাপদে আমরা পূজা করলাম; হামলা ঠেকালাম; ৫০টা জায়গায় আমরা হামলা ঠেকাতে ব্যর্থ হলাম কেন? প্রশাসনের ভেতরের সমস্যাটা কি প্রশাসনের ব্যর্থতা নাকি গাফিলতি, নাকি অদক্ষতা, নাকি প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক কর্মচারীর ইচ্ছাকৃত নিষ্ক্রয়তা। এটা সরকারকে তদন্ত করে দেখতে হবে। যতক্ষণ এটা তদন্ত করে উদ্ঘাটন করতে না পারছেন ততক্ষণ আমরা বিপদের ভেতরেই থাকব। নিরাপদ প্রশাসন পাব না।’
ইনু বলেন, ‘একটি সন্ত্রাসী গোষ্ঠী অতর্কিত হামলা চালিয়ে এ পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা উসকানি দিয়ে অসাম্প্রদায়িক সরকারকে উত্খাত করে একটি তালেবানি রাষ্ট্র ও রাজাকার সমর্থিত সরকার প্রতিষ্ঠার চক্রান্ত করছে। এ জন্য তারা ১২ বছর ধরে মাঝে মধ্যে কখনো আগুন যুদ্ধ, জঙ্গি তাণ্ডব, মন্দিরে হামলা, কখনো মাজারে হামলা, পির-ফকিরের আস্তানায় হামলা এই দুষ্কর্মগুলো করছে।’ এ সময় ইনু ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
