দেশে করোনা ভাইরাসে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর আবার ৪০০ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৯ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে সাত জনের। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে।
আগের দিন সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছিল, আর ৩৩৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পাঁচ মাস পর গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৪০০-এর নিচে নেমে এসেছিল। পরদিন তা ৩০০-এরও নিচে নেমে আসে। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।
গত এক দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৩৭২ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭৯ শতাংশ। আর যে সাত জন গত এক দিনে মারা গেছেন, তাদের তিন জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। তিন দিন ধরে করোনা রোগী শনাক্তের দৈনিক হার দুই শতাংশের নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় তা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টা (১৮ অক্টোবর সকাল ৮টা থেকে ১৯ অক্টোবর সকাল ৮টা) পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ। এর আগে গত শনিবার চলতি বছরে প্রথম দিনের মতো দৈনিক শনাক্তের হার নেমে আসে দুই শতাংশের নিচে। তারপর থেকে সোমবার পর্যন্ত শনাক্তের হার টানা তিন দিন ধরে দুইয়ের নিচেই ছিল।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৫৫৯টি, আর পরীক্ষা হয়েছে ২১ হাজার ৩০৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১ লাখ ৩৫ হাজার ৪২টি। করোনা রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ পাঁচ জন আর নারী দুই জন। দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৯৮ জন আর নারী ৯ হাজার ৯৮৭ জন।
