ভারত ও বাংলাদেশ সম্পর্কে চিড় ধরাতেই সাম্প্রদায়িক অশান্তি

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০০:৩৮

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার পিছনে ষড়যন্ত্র রয়েছে। দুই দেশের সম্পর্ক নষ্ট করতেই এই অশান্তি সৃষ্টি করা হয়েছে। এমনই দাবি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখনো কেন সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বন্ধ হচ্ছে না, তা নিয়েও বিপ্লব দেব বলেছেন, দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ক নষ্ট করার জন্যই মৌলবাদীরা ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেছেন, ‘বাংলাদেশের সরকারের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশ প্রশাসন শক্তহাতে এর মোকাবিলা করবে।’ পাশাপাশি তিনি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তার কথায়, এ ধরনের ঘটনা বেদনাদায়ক ও লজ্জাজনক। গতকাল মঙ্গলবার কলকাতার সংবাদ প্রতিদিন নামের একটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়।