আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ব্যক্তিগত ফোন নম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে নেতাদের কাছে টাকা চাওয়া হয়। অনেকে যাচাই না করে দিয়েছেন টাকা। কেউ কেউ যুবলীগ চেয়ারম্যানকে কাজের তদবির করে নিজ থেকেও টাকা দেন। এমন ঘটনা জেনে যুবলীগ চেয়ারম্যান পরশ তার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ‘প্রতারণা হচ্ছে’ বলে সবাইকে সতর্ক করেন। করেছেন মামলাও। গত সোমবার রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে ফিরোজ খন্দকার ও রাকিবুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।
তদন্তকারীরা জানিয়েছেন, যুবলীগ চেয়ারম্যানের মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা ও চাঁদাবাজি শুরু করেছিল এই ফিরোজ। দেশের বিভিন্ন স্থানের যুবলীগ নেতাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়েছেন তিনি। রাকিবুল তার সহযোগী। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।
