দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য একটি স্বার্থান্বেষী মহল এই হামলা চালাচ্ছে। রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য এসব পূর্বপরিকল্পিত হামলার ব্যাপারে সরকার সজাগ রয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে বলা হয়, এটা দুঃখজনক যে, স্থানীয় যে গোষ্ঠী ৫০ বছর আগে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখনো সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা একটি ধর্মের সবচেয়ে বড় উত্সবে অনবরত হামলা চালিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক ও বহুত্ববাদী অবস্থানকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।
বাংলাদেশ সরকার এসব ঘটনার সুস্পষ্ট নিন্দা জানিয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ভেতরে-বাইরের প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছে। বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার এসব ঘটনায় মোট ৭১টি মামলা দায়ের হয়েছে এবং ৪৫০ জনকে আটক করা হয়েছে।
