বালিয়াকান্দিতে ভালোবাসা দিবসে ব্যতিক্রম আয়োজন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

তারুণ্যের অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসে সারাবিশ্বের মতো আমাদের দেশের তরুণ-তরুণীরাও মেতে উঠবে বিশ্ব ভালোবাসা দিবসে। দিনটিকে ঘিরে তরুণ-তরুণীরা নানা ধরনের কর্মসূচি পালন করে থাকলেও এবারে ভালোবাসা দিবসটিকে ঘিরে ব্যতিক্রম এক আয়োজন করেছে রাজবাড়ীর বালিয়াকান্দির মানবতার মাতৃসদন নামে একটি সামাজিক সংগঠনের তরুণরা।

“ভালোবাসা দিয়ে বাঁচান প্রাণ, ১৪ ফেব্রুয়ারি করুণ রক্ত দান”- এই স্লোগান বুকে ধারণ করে ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির ঘোষণা করেছে সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম। কর্মসূচির মধ্যে রয়েছে- বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ফ্রি ডেন্টাল চেকআপ এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। আর এবারের এই কর্মসূচি পালিত হবে কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের নামে প্রতিষ্ঠিত নবাবপুর ইউনিয়নের সোনাপুরে অবস্থিত মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এবং কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।  সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম জানান, ২০১৮ সালে আমরা প্রথমে পাঁচ বন্ধু মিলে নিজেদের টিউশনির টাকা খরচ করে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় করা শুরু  করি। এ পর্যন্ত আমরা মোট চারটি প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে আমরা দুই হাজার মানুষের রক্তের গ্রুপিং নির্ণয় ও প্রায় ৬০ জন মুমূর্ষু রোগীর রক্তদানে সহায়তা করেছি। এখন আমাদের সংগঠনে রক্তদাতার  সংখ্যা  ৬০ জন।