রংপুর অফিস
র্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম (সাহসিকতা), র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর আরমিন রাব্বী এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর কোম্পানী কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম (সাহসিকতা) অর্জন করেছেন। জাতীয় পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে দেশের উত্তরাঞ্চলে জঙ্গিবাদ দমন, মাদক ও সন্ত্রাস নির্মূল, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অন্যদিকে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা, এসআই মো. আসাদুজ্জামান, সৈনিক মো. আ. হালিম এবং সৈনিক মো. পিয়াস শরীফ আইজি ব্যাচ অর্জন করেন।
মঙ্গলবার র্যাব-১৩, রংপুর এর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সকল পদবীর র্যাব সদস্যদের পক্ষ হতে অধিনায়কসহ পদক প্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পদক প্রাপ্ত সকল অফিসার ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় র্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম বলেন, মাদক ও সন্ত্রাসের পাশাপাশি জঙ্গি দমনে র্যাব-১৩ এর বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে। দেশের উত্তরাঞ্চল জঙ্গি ও মাদকমুক্ত না হওয়া পর্যন্ত তিনি লড়ে যাবার ঘোষণা দেন। এছাড়াও, সন্ত্রাস, ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা, নারী ও শিশু পাচার রোধে র্যাব-১৩ বদ্ধপরিকর বলে জানান তিনি।
