মিঠাপুকুরে টাকা নিয়ে পালানোর সময় এনজিও কর্মকর্তাসহ আটক তিন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে ভিজিডি কর্মসূচির আওতায় (দুস্থ মাতা) সুবিধাভোগীদের জমানো সাড়ে আট লাখ টাকা নিয়ে পালানোর সময় দায়িত্বপ্রাপ্ত এনজিওর কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ব্যাংক থেকে উত্তোলনের পর টাকা নিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এনজিও ‘সুশীলন’ এর ম্যানেজার নব গোপাল রায়, ইউনিয়ন প্রশিক্ষক নন্দেশ্বর রায় ও কমল কুমার রায়।

মিঠাপুকুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার মল্লিকা পারভীন বলেন, উপজেলার ১৭টি ইউনিয়নে সরকারের নিরাপত্তাবেষ্টনী দুস্থ মাতা কর্মসূচির আওতায় (ভিজিডি) দুই বছর মেয়াদে সুবিধাভোগী সদস্য প্রায় তিন হাজার দুস্থ নারী। এর মধ্যে ১৫ ইউনিয়নের মোট দুই হাজার ছয় শত পঞ্চাশ জনের প্রশিক্ষণ ও তাদের জীবনমান উন্নয়নে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল বেসরকারি সংস্থা সুশীলনের। তারা প্রত্যেক সুবিধাভোগীর কাছে মাসে সঞ্চয় হিসেবে দুই শত টাকা করে জমা নিয়েছিলেন। গত ডিসেম্বরে কর্মসূচির সুবিধাভোগীদের বরাদ্দ শেষ হয়। দুই বছরে তাদের প্রায় ৭০ লাখ টাকা জমা হয়। সবার সঞ্চয়ের টাকা ফেরত দেয় এনজিও কর্তৃপক্ষ। এর মধ্যে দুর্গাপুর ইউনিয়নে ৩শ’ ১৯ জনের সঞ্চয় জমা হয় ১৩ লাখ ৬৭ হাজার ৬৮৬ টাকা। কিন্তু পাঁচ লাখ বিতরণের পর অবশিষ্ট সাড়ে আট লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে এনজিওটির কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি জানতে পেরে সুবিধাভোগী সদস্যরা তিনজনকে আটক করে পুলিশে দেয়।  এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর-রশীদ বলেন, দুস্থ নারীদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে আত্মসাতের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্ত এনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে। আটক কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় বিচারের ব্যবস্থা করা হবে।