সড়কে-পরিবহনের শৃঙ্খলা ফেরাতে চাই: সেতুমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:৫৫

দেশে এত উন্নয়নের পরেও নানা কারণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই, পরিবহনে শৃঙ্খলা চাই।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজশাহী বিভাগের ১৬টিসহ মোট ৩৫টি সেতুর উদ্বোধনকালে ভার্চুয়ালি যোগ দিয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ (ডব্লিউবিপিআইপি)-এর আওতায় রাজশাহী ও রংপুর জোনে এই সেতুগুলো নির্মাণ করা হয়।

সেতুমন্ত্রী  বলেন, গুরুত্বপূর্ণ মহা সড়কের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ সেতুগুলো সংস্কার করা হচ্ছে। যানজট ও সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে এসব সেতু। সেতুগুলো নির্মাণে ওয়েস্টার্ন  টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সেতুগুলোতে কংক্রিট ব্যবহারের পাশাপাশি ‘স্টিল গার্ডার’ ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহারে ফলে সেতুগুলোকে অতিরিক্ত উচ্চতা না দিয়েও আরও বেশি শক্তিশালী করে তুলবে।

অনুষ্ঠানে জাপানের অ্যাম্বাসেডর, জাইকার পরিচালক, পরামর্শক প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠানসহ সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি অংশ নেন।

রাজশাহী সড়ক ও জনপথ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডব্লিউবিআই প্রকল্পের অতিরিক্ত পরিচালক বিকাশ চন্দ্র দাসসহ সড়ক ও জনপথ বিভাগের রাজশাহী জোনের কর্মকর্তা-কর্মচারীরা 

ইত্তেফাক/এনই/আরকে