রাজশাহীর বাগমারায় এক স্কুল ছাত্রের ফেসবুক আইডি হ্যাক করে চাঁদা দাবি করছে একটি চক্র। চাঁদা দিতে না চাইলে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে ফাঁসানোর ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। এ ঘটনায় ওই ছাত্র বাগমারা থানায় একটি জিডি দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে তাসফিক মাহমুদ নাফিস (১৮) রানী রিভার ভিউ স্কুলের এসএসসি পরীক্ষার্থী। লকডাউনের মধ্যে স্কুল বন্ধ থাকায় অনলাইনে ক্লাস করতে একটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করছিল। ফোনে ফেসবুকও ব্যবহার করছিল। গত কয়েক দিন ধরে তার ফেসবুকে প্রবেশ করতে পারছিল না।
অভিযোগকারী নাফিস জানান, আমি md Tasfiq Mahmud নামক ফেসবুক ব্যবহার করছিলাম। গত ৪/৫ দিন ধরে আইডিতে প্রবেশ করতে পারছিলাম না। অথচ আইডিটা চলমান দেখতে পাই। এতে ধারণা আসে কেউ এটা হ্যাক করেছে।
তিনি আরও জানান, অন্য ফেইসবুক আইডি থেকে নক করলে অপরিচিত কন্ঠে কথা আসে। আমাকে বলা হলো ৬ হাজার টাকা দিতে। আমি হ্যাকারকে টাকা না দেওয়ায় আমার ফেসবুক ওয়ালে আপত্তিকর মন্তব্য জুড়ে পোস্ট দেয়ার ভয় দেখায়। বিষয়টি নিয়ে আমি ট্রিপল (৯৯৯) ফোন দিলে তারা থানায় জিডি করে করতে বলে। এছাড়া ট্রিপল নাইন থেকে তার আমার অভিযোগ, ফোন নম্বব, আইডিসহ বিস্তারিত এক নির্ধারিত ঠিকানায় দিতে বলেন। সকল বিষয় মাথায় রেখে গত মঙ্গলবার রাতে বাগমারা থানায় জিডি করি, যার নম্বর ৯১৬ তারিখ ১৯ অক্টোবর। এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এসএ
