রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, সারা দেশে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এজন্য সারা দেশের সব মিটারগেজ রেললাইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার দেশের সব রেললাইন ব্রডগেজ ও ডুয়েল গেজে রূপান্তর করবে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনে প্ল্যাটফরম উঁচুকরণ, স্টেশন ভবন সংস্কার, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফরম শেড নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, ধ্বংসপ্রাপ্ত রেলকে পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে। দেশের যেসব এলাকায় রেল সংযোগ নেই, সেখানে সংযোগ দেওয়া হচ্ছে। মন্ত্রী আরো বলেন, গফরগাঁও রেল স্টেশনের বিদ্যমান রেললাইনের পাশেই ব্রডগেজ লাইন স্থাপন হবে। এই ব্রডগেজ লাইন হবে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত।
