বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সশরীরে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়। শুরুতে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়ে শ্রেণিকক্ষে বরণ করে নেওয়া হয়।
বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ববি উপাচার্য সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে ক্যাম্পাসে প্রবেশের আহ্বান জানান। একই সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষার্থীদের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় যে একাডেমিক ঘাটতি হয়েছে, তা পূরণে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পরীক্ষা নেওয়ার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জানান, উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
