মসজিদের রাস্তা ইটের সলিং করার আবেদন

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৪০

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের  ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি দক্ষিণ পাড়া ইসমাইল বেপারী (হাজী. নুরু মিয়া সুকানী) বাড়ির দরজা থেকে দক্ষিণ পাড়া মুন্সী বাড়ির জামে মসজিদ পর্যন্ত  ১৫০ ফুট দীর্ঘ ৬ ফুট প্রশস্ত রাস্তাটি ইটের সলিং করা একান্ত প্রয়োজন। দক্ষিণ পাড়া জামে মসজিদের সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তা দিয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মুসল্লিরা যাতায়াত করেন। তাছাড়া প্রতিদিন শত শত পথচারী সড়কটি ব্যবহার করে থাকেন। গত বছর বন্যার পানি নামতে দেরি হওয়ায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এবারের বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর আগে এলাকাবাসীর পক্ষ থেকে রাস্তাটিতে ইট বসানো হয়েছিল। কিন্তু বহুদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় রাস্তার ইটগুলো খসে পড়েছে এবং কোনো কোনো স্থানের মাটিও ভেঙে পড়ে যাচ্ছে। বর্তমানে এ রাস্তা দিয়ে রিকশা-অটোরিকশা ও সিএনজি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর। জরুরি অবস্থায় রোগী রিকশা-অটোরিকশা ও সিএনজি করে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না বলে তাদের বিনা চিকিত্সায় মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটিতে আশু ইটের সলিংয়ের ব্যবস্থা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. গিয়াস উদ্দিন গেসু (হূদয়)

চিলাদি, ছাতারপাইয়া, সেনবাগ, নোয়াখালী ৩৮৬৪