রাশিয়া গেলেন বিমান বাহিনী প্রধান

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২১:৫৯

বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাশিয়ায় গেছেন। গত বুধবার সাত দিনের সরকারি সফরে তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় সফরসঙ্গী হিসেবে বিমান বাহিনীর প্রধানের স্ত্রী এবং আরো দুই জন রয়েছেন। আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে বিমান বাহিনীর প্রধান রাশিয়া ফেডারেশনের মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল সুরভিকিন সের্গেই ভ্লালাদিমিরোভিচের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। তিনি রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফরমিন, ন্যাশনাল অ্যাভিয়েশন সার্ভিস কোম্পানির প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনীর প্রধান বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের প্রডাকশন প্ল্যান্টসহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তিনি দেশে প্রত্যাবর্তনের প্রাক্কালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ‘দুবাই এক্সপো-২০২১’ পরিদর্শন করবেন।