চাকরি নিয়ে টানাটানি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন ওলে গানার সোলশার। আতালান্তার বিপক্ষে হারলে হয়তো বরখাস্তের কাছাকাছি চলে যেতেন। কিন্তু সেটা হতে দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দুইবার পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডকে বিপদের মুখ থেকে ফের উদ্ধার করলেন ৩৬ বছর বয়েসি এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে তার গোলেই রেড ডেভিলরা ৩-২ গোলের নাটকীয় জয় পায়।
ওল্ড ট্র্যাফোর্ডে ২৮ মিনিটের মধ্যেই দুইবার এগিয়ে যায় আতালান্তা। প্রথমার্ধের পুরোটাই আধিপত্য বিস্তার করে খেলে ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে স্বাগতিকরা নিজেদের ফিরে পায় দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড। ৭৫ মিনিটে স্কোরলাইনে সমতা আনেন অধিনায়ক হ্যারি মাগুয়ার। ততক্ষণে রোনালদোকে ওঠে নেওয়ার আলোচনা চলছিল ধারাভাষ্যকক্ষে। কিন্তু ৮১ মিনিটে লুক শয়ের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে তাদের ভুল ভাঙিয়ে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এদিকে ক্যাম্প ন্যুতে ১০ মাস পর চ্যাম্পিয়নস লিগে জয়ের খরা কাটিয়েছেন বার্সেলোনা। একই সঙ্গে চলতি মৌসুমে এটিই তাদের প্রথম জয়। ৩৬ মিনিটে জেরার্ড পিকের একমাত্র গোলে ১-০ ব্যবধানে ডায়নামো কিয়েভকে হারিয়েছেন কাতালানরা। ২৪ অক্টোবর এল ক্লাসিকোর আগে এই জয়ে আত্মবিশ্বাস বাড়বে রোনাল্ড কোম্যানের দলের। গ্রুপ ‘ই’ অন্য ম্যাচে বেনফিকাকে বিধ্বস্ত করতে মাত্র ১৪ মিনিট সময় নিয়েছে বায়ার্ন মিউনিখ। লিসবনে ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও ইউলিয়ান নাগেলসম্যানের দল মাঠ ছাড়ে ৪-০ ব্যবধানের জয় নিয়ে। লেরয় সানে ২টি, রবার্ট লেভানডস্কি একটি ও আরেকটি ছিল বেনফিকা ফরোয়ার্ড এভেরটন সোয়ারেসের উপহার।
মেসি-এমবাপ্পে জুটিতে
পিএসজির জয়
ইনজুরির কারণে নেইমার কিন্তু মেসি-এমবাপ্পে জুটি যেন তার অভাবই বুঝতে দিলেন না। তাই একটা সময় পিছিয়ে থেকেও লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে ফেরে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। জোড়া গোল করেন লিওনেল মেসি। ৯ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যান স্বাগতিকরা। কিন্তু ৫৭ মিনিট শেষে পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। তবে তা ছিল ১০ মিনিটের জন্যই। ৬৭ মিনিটে ট্যাপ ইনের মাধ্যমে সমতা ফেরান মেসি। ৭৪ মিনিটে পেনাল্টি আদায় করেছিলেন এমবাপ্পে। পারলে শর্টটা নিজেই নিতে পারতেন। কিন্তু ভ্রাতৃত্ববোধ বাড়াতে তা দিয়ে দেন মেসিকে। পানেনকা শটে গোলরক্ষককে বোকা বানান আর্জেন্টাইন ফরোয়ার্ড। একই সঙ্গে এগিয়ে দেন পিএসজিকেও।
হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তখন ভ্রাতৃত্ববোধের পরিচয় দেন মেসিও। কিন্তু সেটা তার মতো কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। ‘স্বাভাবিকভাবেই ব্যাপারটা শ্রদ্ধার। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। সবসময়ই বলে আসছি তার সঙ্গে খেলাটা সম্মানের। পেনাল্টি ছিল তাতে তিনি গোল করেছেন। দ্বিতীয়টা আমাকে দিতে চেয়েছিলেন এবং আমি মিস করি।’
এদিকে এল ক্লাসিকোর আগে বার্সার মতো রিয়াল মাদ্রিদও জয় দিয়ে শেষ করেছেন। তবে রিয়ালের জয়টা বড়ই। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে শাখতার দোনেত্স্ককে ৫-০ গোলে হারিয়েছেন তারা। রাতটা ভালো যায়নি মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকোর। গ্রিজমানের জোড়া এগিয়ে থাকলেও লিভারপুলের কাছে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হারে দিয়েগো সিমিওনের দল।
একনজরে চ্যাম্পিয়নস
লিগের তৃতীয় সপ্তাহ
বেসিকতাস ১-৪ স্পোর্টিং
ব্রুজ ১-৫ ম্যানসিটি
শাখতার ০-৫ রিয়াল
পিএসজি ৩-২ লাইপজিগ
অ্যাটলেটিকো ২-৩ লিভারপুল
ইন্টার ৩-১ শেরিফ
আয়াক্স ৪-০ ডর্টমুন্ড
পোর্তো ১-০ মিলান
সালজবুর্গ ৩-১ ভলফসবুর্গ
বার্সেলোনা ১-০ কিয়েভ
লিল ০-০ সেভিয়া
ইউনাইটেড ৩-২ আতালান্তা
জেনিত ০-১ জুভেন্তাস
বেনফিকা ০-৪ বায়ার্ন
চেলসি ৪-০ মালমো
ইয়াং বয়েজ ১-৪ ভিয়ারিয়াল
