আয়ারল্যান্ড-নামিবিয়ার সুপার টুয়েলভে ওঠার লড়াই

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১৫

গত বুধবার আয়ারল্যান্ডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। একই দিনে গ্রুপ এ-এর অপর খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সুপার টুয়েলভে খেলার আশা বাঁচিয়ে রেখেছে নামিবিয়া। তাই আজ শারজাহ আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াইটা তাদের সুপার টুয়েলভে উঠার। একই সমীকরণ আইরিশদের জন্যও। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে আগেই দুই পয়েন্ট পকেটে পুরেছে তারা। কিন্তু শ্রীলঙ্কার কাছে হারায় এখন নামিবিয়া ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই। অবশ্য রানরেট এগিয়ে থাকায় টাই হলেই যথেষ্ট অ্যান্ডি বালবার্নির দলে। কিন্তু গ্রাহাম ফোর্ডের মতো ‘লোভী’ কোচের কাছে জয়ই শেষ কথা। আইরিশ হেড কোচ বলেন, ‘কোচরা সবসময়ই লোভী। সবকিছু জিততে চায়। সহজ-সরল সূচি চায়। কিন্তু বাস্তবতা আমরা মেনে নিচ্ছি। আমরা এখনো জীবিত, এখনো টুর্নামেন্টে আছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।’ আয়ারল্যান্ডের জন্য চিন্তার কারণ হতে পারেন ডেভিড ভিজে। এক সময় দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা এই অলরাউন্ডার এখন ইতিহাস গড়ার স্বপ্ন দেখাচ্ছেন নামিবিয়াকে। ৪০ বলে ৪ চার ও ৫ ছয়ে তার অপরাজিত ৬৬ রানেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পায় গেরহাড ইরাসমাসের দল।

ভিজেকে তাই ভালোমতো চিনেন ফোর্ড, ‘আমরা জানি, তাদের কিছু বিপদজ্জনক খেলোয়াড় আছে এবং ডেভিড ভিজে, যে মঞ্চ মাতিয়েছে। সে আগে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছে এবং আমি তাকে দেখেছি দক্ষিণ আফ্রিকায়। সে একদম ধ্বংসাত্মক, যেরকম সে আজ (বুধবার) ছিল। আমরা জানি, তাদেরকে হারানো কঠিন হবে। যদি আমরা আমাদের সেরাটা না দিতে পারি, তাহলে আমাদের ভুগতে হবে।’

শারজায় দুই দলের জন্য প্রতিকূলতার কারণ হতে পারে কন্ডিশন ও স্লো পিচ। সদ্য সমাপ্ত আইপিএলে এই মাঠে ওভারপ্রতি রান হয়েছে ৭ করে। তার ওপর খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর দুইটায়। যখন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলে মনে হবে ৪১ ডিগ্রি সিলসিয়াস। তাই সুপার টুয়েলভে যেতে হলে গরমকেও জয় করতে হবে।