এই পিএনজি একদিন হারিয়েছিল বাংলাদেশকে

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:১৫

টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে খালি হাতেই ফিরল পাপুয়া নিউ গিনি (পিএনজি)। প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচেও অবশ্য সম্ভাবনা খুব একটা ছিল না। কেননা শক্তি বা অভিজ্ঞতায় বাংলাদেশ থেকে যোজন যোজন পিছিয়ে তারা। অথচ এই পিএনজি একদিন হারিয়েছিল বাংলাদেশকে। তাও ৩৯ বছর আগে।

তখন অবশ্য কোনো দলেরই ক্রিকেটের আন্তর্জাতিক জগতে পা পড়েনি। সর্বোচ্চ আসর বলতে গেলে আইসিসি ট্রফি। ১৯৮২ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসরটির তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পিএনজির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৬০ ওভারের ম্যাচটিতে আগে ব্যাট করে ২২৪ রান তুলে টাইগাররা। অথচ উদ্বোধনী জুটি থেকেই এসেছিল ১৭০ রান। ইউসুফ রহমান ১১৫ রান ও  নাজিম শিরাজি ৫২ রান করেছিলেন। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

জবাব দিতে নেমে ৩ ওভার ও ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পিএনজি। সেই দলের অন্যতম সদস্য ব্রায়ান আমিনির নাতি চার্লস আমিনি এখন খেলছেন পিএনজি জাতীয় দলে।

ঐ আসরের পর ১৯৯৬ সালে এসিসি ট্রফিতে ফের পিএনজির সাক্ষাত্ পায় বাংলাদেশ। এবার অবশ্য সহজেই জিতে নেন সুজন-রফিকরা। ১৩৪ রানের লক্ষ্য পেরিয়ে যান ৭ উইকেট হাতে রেখেই।