গত ১৭ আগস্ট বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছিল আইসিসি। তখনই সংস্থাটি জানিয়েছিল প্রথম রাউন্ড পার হলেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থান হবে ‘বি-১’ ও ‘এ-১’। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্সআপ যাই হোক দুটি দলের অবস্থান এটাই নির্ধারিত থাকবে। সেক্ষেত্রে সুপার-১২ পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, শ্রীলঙ্কা ‘এ’ গ্রুপে খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর চতুর্থ দিনে এসে হুট করে নিয়ম পরিবর্তন করে ফেলল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যা খুবই অদ্ভূতুড়ে, অপেশাদার কাজও বটে। একটা বৈশ্বিক আসরের নিয়ম এমন রাতারাতি বদলে যাওয়াটা বিস্ময়কর। গত বুধবার আইসিসি জানিয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়ার মাধ্যমেই সুপার-১২ পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কার অবস্থান ঠিক করা হবে। আগের ‘এ-১’, ‘বি-১’-এর নিয়মটা বহাল থাকছে না। যার মানে প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হলে বাংলাদেশ সুপার-১২ পর্বে খেলবে গ্রুপ-১ এ। যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ হবে টাইগারদের প্রতিপক্ষ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপ-২ এ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। তবে হঠাত্ করে এমন নিয়ম পরিবর্তনের কারণ জানায়নি আইসিসি। নিয়ম বদলে যাওয়ার কারণে বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক, দর্শকরা বিপাকে পড়বেন। কারণ চূড়ান্ত সূচি অনুযায়ী সবাই নিজ নিজ পছন্দের দলের ম্যাচ বাছাই করে রেখেছেন। এখন পুরো বিষয়টা বদলে যাওয়ায় বড় ধরনের হ্যাপায় পড়তে হবে সবাইকে। অবশ্য এ সমস্যার সমাধান কীভাবে হবে, সেটাও জানায়নি আইসিসি।
