‘যদি তুমি মানুষ হও ধর্মান্ধতা রুখে দাও’

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০৩

 ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’ স্লোগানে একক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এবং পঞ্চগড় প্রেসক্লাবের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। ‘বাংলার হিন্দু, বাংলার খ্রিষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি আমরা সবাই ভাই ভাই। আসুন অমুসলিমদের জানমাল রক্ষা করি, তাদের পাশে দাঁড়াই’ এবং ‘যদি তুমি মানুষ হও ধর্মান্ধতা রুখে দাও’ দুটি ফেস্টুন গায়ে চাপিয়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম শান্তি এই পথসভা করেন।

বাংলাদেশটা আমাদের সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করে আসছি। এখানে কোনো ভেদাভেদ নেই। একজনের বিপদে আমরা আরেকজন এগিয়ে আসি। আমরা ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করি এবং এই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে সাইফুল দেশব্যাপী একক পথসভা শুরু করেছেন।

সাইফুল ইসলাম শান্তি জানান, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ। বঙ্গবন্ধুর গড়া অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বাসবাস করে আসছে। এ দেশে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের শত্রু হতে পারে না। তিনি আরো বলেন, ‘যারা হিন্দুদের জান-মাল, ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছে, এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি।’

সাইফুল এর আগেও বিভিন্ন সময়ে সমাজের নানা অসংগতি নিয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। এর আগে নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে ঢাকায় একাই মানববন্ধন, ২০১৯ সালে পদ্মা সেতু নির্মাণে ছেলেধরা গুজবের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত জনসচেতনতা সৃষ্টিতে পদযাত্রাসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন।