সিলেটে ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০৪

সিলেটের দক্ষিণ সুরমা কলেজের সামনে এক ব্যক্তির ছুরিকাঘাতে মারা গেছে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামে ঐ কলেজেরই এক ছাত্র। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত রাহাতের চাচাতো ভাই রাফি। নিহত রাহাত দক্ষিণ সুরমা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণিতে পড়ত। সে দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার বাসিন্দা ছিল। রাহাতের মৃত্যুর জন্য দক্ষিণ সুরমা কলেজ ছাত্রলীগ কর্মী সাদিকে দায়ী করছে নিহত ছাত্রের স্বজনেরা। সাদির বাড়ি শিলাম এলাকায়।

রাহাতের চাচাতো ভাই রাফি জানান, রাহাত মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। আমিও তার সঙ্গে ছিলাম। যাওয়ার আগে এক বন্ধুর সঙ্গে দেখা করতে কলেজের ভেতর যায়। কলেজ থেকে বের হয়ে মূল গেটের সামনে আসামাত্র সাদি অপর একটি মোটরসাইকেলে এসে রাহাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রাহাতকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক বিকাল সাড়ে ৩টার দিকে অবরোধ করে রাখেন স্থানীয় এলাকাবাসী ও রাহাতের কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রাহাতের হত্যাকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা। পরে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদারের আশ্বাসের ভিত্তিতে আধা ঘণ্টা পর বিকাল ৪টায় অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।