সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন সম্প্রীতি সমাবেশ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০৪

কুমিল্লা, নোয়াখালী, রংপুরের পীরগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের নানা স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গতকাল বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশেরও।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে ক্যাম্পাসের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও সম্প্রীতি  সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এসব আয়োজনে অংশ নেন এবং সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানান এবং এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এছাড়া পটুয়াখালী, নাটোর, বাগেরহাটের শরণখোলা, কচুয়া, পিরোজপুরের স্বরূপকাঠি, কুড়িগ্রামের রাজিবপুর, শরীয়তপুরের ডামুড্যা, ফরিদপুরের মধুখালীতে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গাইবান্ধা, বাগেরহাট, নেত্রকোনা, নড়াইলসহ দেশের আরো বেশ কিছু স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।