টাঙ্গাইলে পৃথক ঘটনায় দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০৫

টাঙ্গাইলের বাসাইলের কাউলজানী ইউনিয়নের বোর্ডবাজার ও বার্থা দক্ষিণপাড়া থেকে দুই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলো—উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকার কামাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া গ্রামের মোস্তফা সিকদারের মেয়ে মুক্তা (১৫)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকালে উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকায় শারমিন আক্তারের লাশ পাশের ঘরে ধর্নার সঙ্গে উড়না দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. নাজমুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

অপরদিকে বার্থা দক্ষিণপাড়া গ্রামের মুক্তাকেও বিকাল ৫টার দিকে ঘরের ধর্নার সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. নাজমুল হাসান তাকেও মৃত ঘোষণা করেন। পরিবারের অজান্তে অভিমান করে মুক্তা আত্মহত্যা করে বলে জানা গেছে। দুটি লাশ সন্ধ্যায় হাসপাতালের বেডে একই সময় পাশাপাশি রাখা ছিল। দুটি ঘটনা আলাদা হলেও একই ইউনিয়ন ও একই সময়ে ঘটায় উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ইত্তেফাককে জানান, নিহত দুই জনের লাশ ময়না তদন্তশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।