মুগদা হাসপাতালের ল্যাবে বিস্ফোরণ আগুন, আহত ৯

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:০৯

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইকো ক্যাথ ল্যাবে অগ্নিকাণ্ডে ৯ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচ জন দগ্ধ এবং বাকিরা ধোঁয়া ও কাচের টুকরোসহ অন্যান্য জিনিসপত্রের আঘাতে আহত হন। আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। তবে হাসপাতাল কর্মীরা বলেছেন, ল্যাবের এসি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। 

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন : হাসপাতালের আইসিইউ ইউনিটের নার্স ইনচার্জ শাহিনা আক্তার, ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরা, নার্স রুমি খাতুন, মেরী আক্তার, টিকা নিতে আসা সাইদুর রহমান, ল্যাব টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার, ওয়ার্ড বয় নাজমুল হোসেন, আলমগীর হোসেন ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ওমর ফারুক। এদের মধ্যে জহিরুল, মনিকা ও মেরীর অবস্থা গুরুতর। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইইতে চিকিত্সা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, মুগদা হাসপাতালের ষষ্ঠ তলায় ক্যাথ ল্যাবে কাজ করার সময় হঠাত্ই সেখানকার এসি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে বেশ কয়েক জন আহত হন। আগুনে ল্যাবের পাশে থাকা হাসপাতালের আইসিইউ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সেখানে কোনো রোগী ছিল না। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। পরে আরো চারটি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়। তাদের তত্পরতায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে করোনা রোগীদের চিকিত্সার জন্য নির্ধারিত আইসিইউতে কোনো রোগী নেই। এ কারণে সেটি অন্য রোগীর সেবার জন্য প্রস্তুত করা হচ্ছিল। পাশেই করোনার কারণে বন্ধ থাকা ক্যাথ ল্যাব চালুর প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।  এদিকে আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পাশাপাশি মুগদা হাসপাতাল কর্তৃপক্ষও একটি কমিটি গঠন করেছে।