অর্থ ফেরতের আশায় আগামী ছয় মাস ইভ্যালির নতুন পরিচালনা পর্ষদকে চাপ দেওয়া যাবে না। ইভ্যালির গ্রাহক ও পাওনাদারদেরকে এমন নির্দেশনা দিয়ে এ সংক্রান্ত আদেশের অনুলিপি প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, তবে কোনো গ্রাহক চাইলে পাওনার কথা বোর্ডের কাছে বা আদালতকে জানাতে পারবে।
গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এক আদেশে ইভ্যালির ব্যবসা পরিচালনা বা অবসায়ন করতে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দেয়। সেই বোর্ডের প্রধান করা হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে। হাইকোর্টের আদেশে নিয়োগ করা নতুন ব্যবস্থাপনা পরিচালকের কাছে ইভ্যালি স্থাবর, অস্থাবর সম্পত্তি, অর্থ, শেয়ার, প্রাপ্য এককালীন আমানত (সব ধরনের সম্পদ), ডিবেঞ্চার, গাড়ি, চাবি, ডকুমেন্টসহ অন্য সব কিছু হস্তান্তর করতে ইভ্যালির বিদ্যমান পরিচালনা পর্ষদ/প্রধান নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে বলা হয়েছে।
