সাম্প্রদায়িক সহিংসতা

চৌমুহনীতে চেয়ারম্যানসহ ১৫, পীরগঞ্জে ১১ জন ও হাটহাজারীতে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:১০

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নোয়াখালীর চৌমুহনীতে একজন ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন, রংপুরের পীরগঞ্জে ১১ জন ও চট্টগ্রামের হাটহাজারীতে একজন জামায়াত নেতা গ্রেফতার হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর চৌমুহনীতে মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ১৫ আসামিকে গ্রেফতার করেছে র্যাব এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গল এবং বুধবার এ দুই দিনে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌরসভা এলাকায় পৃথকভাবে র্যাবের অভিযানে ৯ জন ও পুলিশের অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব ও পুলিশ বলেছে, সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান (৫৫)। তিনি একজন বিএনপি সমর্থক এবং আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। অপর তিন জন জামায়াত ও বিএনপির সক্রিয় কর্মী বলে জানা যায়।

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হিন্দুদের বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার রাতে আরো ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পীরগঞ্জ থানার ওসি সুরেশ চন্দ্র জানান, পীরগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পীরগঞ্জের বড় মহাজিদপুরের উজ্জ্বল হোসেন ও ফতেপুর লালদীঘির আল আমিন নামে দুই জনকে দিনাজপুরের কাহারুল থানার জয়ানন্দ এলাকা থেকে জেলা গোয়েন্দা ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তাদের পীরগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ফজলে এলাহির আদালতে তোলা হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রংপুর সদর কোর্ট ইন্সপেক্টর গোলাম মোস্তফা। সহিংসতার ঘটনায় দুটি মামলায় এ পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটি মামলার ৩৭ জন আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পীরগঞ্জ থানা পুলিশ।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় মন্দিরে ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গত ১৪ অক্টোবর দায়েরকৃত মামলার আসামি মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মো. কফিল উদ্দিন লতিফীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মিরসরাই পৌর সদর থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে মিরসরাই থানা পুলিশ।

গোবিন্দগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গোবিন্দগঞ্জের গ্রামে রাস্তার পাশে একটি মন্দিরে রাতের আঁধারে একটি মনসা দেবীর প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলা হরিরামপুর ইউনিয়নের হাজির বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশসহ সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত করছে।

ফরিদগঞ্জে হিন্দু ঘরে আগুন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গুপ্টি কর্মকার বাড়ির বাসিন্দা বিরেশ্বরের পরিত্যক্ত বসতঘর আগুনে পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী উত্তম কুমার জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। ঘরটি তালাবদ্ধ ছিল। আগুনে পুড়ে যাওয়া ঘরের লোকজন চাঁদপুর কামার শিল্পে কাজ করছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শহিদ হোসেন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনই বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও বিদ্যুত্ বিভাগ আগুনের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত করার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশালে হিন্দু যুবকের পোস্টে উত্তেজনা,

পরে পোস্ট ডিলিট

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়নের মাঝপাড়ায় এক হিন্দু যুবক সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দিয়ে এবং প্রশাসনকে কটাক্ষ ও ক্ষমতাশীল আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট দিলে সেটি এলাকাবাসীর নজরে আসে। এরপর উত্তেজিত এলাকাবাসী মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর সেই হিন্দু যুবক তার আইডি থেকে পোস্টটি সরিয়ে নেয়।