তদন্তের জন্য শাহরুখ খানের বাড়িতে এনসিবি কর্মকর্তারা

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২৩:১১

ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে চলমান মাদক মামলার তদন্তের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাসভবনে যায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একাধিক দল। বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছিল, তল্লাশি অভিযান চালাতে মুম্বাইয়ের বান্দ্রায় শাহরুখের বাসভবন মান্নাতে গেছে এনসিবি। তবে এনসিবির কর্মকর্তারা জানিয়েছেন, শাহরুখের বাসভবনে যাওয়াটা ছিল সম্পূর্ণ ‘পেপারওয়ার্ক’। কোনো তল্লাশি অভিযান ছিল না। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহরুখ খান ও গৌরী খানের বাসভবনের গেটে এনসিবি কর্মকর্তাদের প্রবেশ করতে দেখা যায়। কর্মকর্তাদের হাতে নথিপত্র দেখা গেছে। তারা মাদক অনুসন্ধানে একটি অভিযান পরিচালনা করতে পারেন। যদিও তল্লাশি চালানোর কথা নাকচ করেছে এনসিবি কর্তৃপক্ষ।

এর আগে সকালে আর্থার রোড কারাগারে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ খান। এনডিটিভির খবরে বলা হয়েছে, শাহরুখ খান প্রায় ২০ মিনিট ছেলের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে একটি কাচের পার্টিশন ছিল এবং তারা ইন্টারকমের মাধ্যমে কথা বলেন। শাহরুখ খান যখন তার ছেলের সঙ্গে কথা বলছিলেন, তখন জেল কর্তৃপক্ষ সেখানে উপস্থিত ছিল। জেল থেকে বের হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

জেল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ছেলে ঠিকমতো খাওয়াদাওয়া করছেন কি না, সে বিষয়ে জিজ্ঞেস করেন শাহরুখ। আরিয়ান জানান, জেলের খাবার তার ভালো লাগছে না। শাহরুখ তখন জেল কর্তৃপক্ষের কাছে জানতে চান, বাড়ি থেকে খাবার পাঠানো যাবে কি না। জেল কর্তৃপক্ষের বক্তব্য, আদালত নির্দেশ দিলে খাবার পাঠানো যাবে। সূত্রের খবর, বাবার সঙ্গে দেখা করার সময় কেঁদে ফেলেন আরিয়ান। এর আগে গত শুক্রবার ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন শাহরুখের স্ত্রী গৌরী খান।