সর্বজনীন টিকা নিশ্চিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নেতৃত্বের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উল্লেখ করেছেন, কোভিড-১৯ উন্নয়নের পথে বিশাল চ্যালেঞ্জ নিয়ে এসেছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে বাংলাদেশ তার অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পথে অনেক দূর অগ্রসর হয়েছে। সময়মতো হস্তক্ষেপের কারণে যখন বৈশ্বিক অর্থনীতিতে ৩ শতাংশের অধিক সংকোচন দেখা যাচ্ছে, সেখানে বাংলাদেশ ২০২০ ও ২০২১ সালে যথাক্রমে সাড়ে ৩ শতাংশ এবং সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সদ্যসমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানের পুনরাবৃত্তি করে তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতৃত্বের প্রতি এই অঞ্চলের মানুষের জন্য সর্বজনীন ও সাশ্রয়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) সামষ্টিক অর্থনৈতিক নীতি, দারিদ্র্য হ্রাস এবং উন্নয়নের জন্য অর্থায়ন (এমপিএফডি) সংক্রান্ত কমিটির তৃতীয় অধিবেশন বুধবার শুরু হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অধিবেশনে ইউএনএসকাপের এক্সিকিউটিভ সেক্রেটারির বিশেষ আমন্ত্রণে কি নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন। এ কমিটির অধিবেশন প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা যোগদান করেন।

থাইল্যান্ডের অর্থমন্ত্রী আড়খোম টারম্প পিতিয়া আইসিথ, ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলিয়ানি ইন্দ্রবতী, ভুটানের অর্থমন্ত্রী লিওনপো নামগে শেরিং, পাকিস্তানের কেন্দ্রীয় অর্থনীতিবিষয়ক মন্ত্রী ওমর আইয়ুব খান উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন।