ভুয়া ভিডিও শেয়ার দিয়ে বদরুন্নেসার শিক্ষক রুমা রিমান্ডে

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০০:৪৩

ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের হাতে গ্রেপ্তার ঢাকার বদরুন্নেসা কলেজের শিক্ষক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সাম্প্রদায়িক হামলার মধ্যে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিভিও শেয়ার দিয়েছিলেন। ঐ ভিডিও নোয়াখালীর যতন সাহাকে খুনের ভিডিও হিসেবে প্রচার করা হলেও আসলে সেটি ছিল ঢাকার মিরপুরের সাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পুরোনো ঘটনা।

বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক রুমাকে বুধবার র্যাব গ্রেপ্তারের কথা জানিয়েছিল। পরে অপপ্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে রমনা থানায় তুলে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ রুমাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের জন্য রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার পর এর জের ধরে সম্প্রতি নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। তাতে যতন সাহাসহ দুজনের মৃত্যু ঘটে। র?্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় র?্যাব জানতে পেরেছে, সাহিনুদ্দিন হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপটি ভারতের কলকাতা থেকে দেবদৃতা ভৌমিক নামের একজন প্রথম ফেসবুক মেসেঞ্জারে ছড়িয়ে দেন। আর দেবদাস মণ্ডল কলকাতা থেকেই ঐ ভিডিও টুইটারে আপলোড করে গুজব ছড়ান। ঐ গুজব ছড়ানোর ঘটনায় বাংলাদেশভিত্তিক কুশীলবদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রুমা সরকারকে গ্রেফতার করা হয়েছে।